ফুলবাড়ীয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, এলাকার উন্নয়ন কাজ নির্ভয়ে ও সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের ভোগান্তি যেন জনগণের না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
গত মঙ্গলবার (৫ মে) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডি’র চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি কামরুল হাসান মিলন।
এমপি বলেন, “নির্ভয়ে উন্নয়ন কাজ সঠিকভাবে বাস্তবায়ন করুন। যদি কোনো সমস্যা অনুভব করেন, তাহলে আমরা সার্বিক সহযোগিতা করব। তবে এলাকার মানুষের কোনো ধরনের ভোগান্তি বা কষ্ট যেন না হয়। সঠিক সময়ে কাজ শেষ করতে হবে।”
সভায় উপজেলা প্রকৌশলী জুবায়ের হোসেনের সভাপতিত্বে ঠিকাদারদের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের পদক্ষেপ নেন সংসদ সদস্য কামরুল হাসান মিলন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও সুধীজনরা বলেন, যেসব ঠিকাদার এই গুরুত্বপূর্ণ সভায় অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

