নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মাদরাসা শিক্ষকের ৩ দিনের রিমান্ড

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণ: মাদরাসা শিক্ষকের ৩ দিনের রিমান্ড

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী চার বছর আগে মদন উপজেলায় একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি তার নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। শিশুটির বাবা মাকে ছেড়ে চলে যাওয়ায় মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার মা সিলেট থেকে এসে বিষয়টি জানতে পারেন। গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করালে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুর মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার এড়াতে তিনি একাধিকবার অবস্থান পরিবর্তন করেন। অবশেষে মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

বুধবার সন্ধ্যায় ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করলে আদালত বৃহস্পতিবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।