ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর শহরে ফেসবুকে দীর্ঘ আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রুবায়েত হাসান রাকিব (২৩) নামে এক যুবক।
সোমবার (৪ মে) ভোরে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত রাকিব উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে। তিনি ফুলবাড়ীয়া পৌর শহরে একটি সুপার মার্কেটে কসমেটিকসের ব্যবসা করতেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১৯ এপ্রিল ময়মনসিংহের আদালতের মাধ্যমে নুসরাত জাহান রীথি নামে এক তরুণীর সঙ্গে ‘কোর্ট ম্যারেজ’ করেন রাকিব। বিয়ের কয়েকদিন পর থেকেই দাম্পত্য জীবনে চরম অশান্তি শুরু হয়।
রাকিবের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রী রীথি ও তার পরিবারের সদস্যরা তাকে মানসিকভাবে চাপে রাখতেন। আত্মহত্যার আগে রাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য স্ত্রী রীথি, শ্বশুর, শ্যালক ও শ্বশুরবাড়ির মামাসহ পুরো পরিবারকে দায়ী করেন।
রাকিব উল্লেখ করেন, উভয়ের সম্মতিতে বিয়ে হলেও পরে রীথি দাবি করেন যে তিনি রাগের মাথায় বিয়ে করেছিলেন। এছাড়া রাকিবের সরকারি চাকরি না থাকলে তিনি সংসার করবেন না বলেও জানিয়ে দেন বলে স্ট্যাটাসে অভিযোগ করা হয়।
খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান,
“এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ফেসবুক স্ট্যাটাস যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

