সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৭ মে রোববার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্তের ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য তারিখসূচি:
- ১৮ মে সোমবার — জিলহজ মাসের ১ম তারিখ
- ২৬ মে মঙ্গলবার — আরাফার দিন (জিলহজ ৯ তারিখ)
- ২৭ মে বুধবার — ঈদুল আজহা (জিলহজ ১০ তারিখ)
জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন, এই তারিখগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল চাঁদ দেখা কমিটি।
সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। ফলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসীর মধ্যে এ ঘোষণা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

