শিক্ষার্থীদের নিয়ে করা নিজের একটি ব্যক্তিগত মন্তব্যের জেরে সৃষ্ট সমালোচনার মুখে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’ এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও। রাজধানীর সিটি কলেজের এক ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। জানা গেছে, রোববার (১২ জুলাই) রাতে ওই ছাত্রীর অভিভাবক হোয়াটসঅ্যাপে কল দিয়ে মন্ত্রীর সঙ্গে মেয়ের কথা বলিয়ে দেন, মূলত মেয়েকে অভয় দেওয়ার উদ্দেশ্যে। সেই সময় অন্য একটি মোবাইল ফোনে কথোপকথনটি ভিডিও করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই কথোপকথনে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, একটি বৈঠকে কেউ একজন বলেছিলেন, সামান্য বৃষ্টিতে ভিজলেই তার মেয়ের জ্বর চলে আসে। জবাবে মন্ত্রী মন্তব্য করেন, এসব ‘ফার্মের মুরগি’, সামান্য ভিজলেই যাদের জ্বর চলে আসে এবং এক দিন বৃষ্টিতে ভিজলে জ্বরের কারণে তিন দিন পরীক্ষা দিতে পারবে না। এই মন্তব্যটিই পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত নিয়েও সংসদে ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি পরীক্ষা স্থগিতের পক্ষে থাকলেও জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ ও আবহাওয়াবিদদের পূর্বাভাসের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়াবিদেরা জানিয়েছিলেন, পরদিন আর বৃষ্টি হবে না এবং সেদিন রাতেই বৃষ্টি শেষ হয়ে যাবে। সেই তথ্যের ভিত্তিতেই পরীক্ষা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রীর এই দুঃখ প্রকাশের পরও পরীক্ষা স্থগিত ও তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
- Tags:
- জাতীয়
- বাংলাদেশ
- শিক্ষা
- শিক্ষামন্ত্রী

আপনার মতামত লিখুন :