ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

ফের বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে।

বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৬ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৯ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর নতুন করে মার্কিন অবরোধ এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার পরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।

বিশ্লেষকরা জানান, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কাই বাজারে মূল্যবৃদ্ধির প্রধান কারণ। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হলে এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে কয়েক দিন ধরে চলা পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে গত জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে। ওয়াশিংটন ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ কার্যকরের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

বর্তমান উত্তেজনা দ্রুত প্রশমিত না হলে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এর প্রভাব জ্বালানির দাম ছাড়াও বৈশ্বিক অর্থনীতিতে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা