নেইমার এখনও কিংবদন্তি, বিশ্বকাপে তাঁকে নিয়ে যা বলল ব্রাজিল

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

নেইমার এখনও কিংবদন্তি

বিশ্বকাপের চলতি আসরে সবচেয়ে বড় অঘটন ঘটায় নরওয়ে। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। সেই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড। কিন্তু জয়ের আনন্দে ভেসে না গিয়ে প্রতিপক্ষের তারকা নেইমার জুনিয়রকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিয়ল্যান্ড বলেন, 'আমি কখনোই সেই ম্যাচটি ভুলব না। ব্রাজিল ছিল আমাদের বিপক্ষে খেলা অন্যতম সেরা দল। নেইমার এখনও আমার কাছে একজন কিংবদন্তি, আর আমি আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।'

পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ না করলেও 'ক্ষমা' চাওয়ার বিষয়টি ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল জাগিয়েছে। অনেকের ধারণা, ম্যাচের উত্তেজনার কোনো বিশেষ মুহূর্তের রেশ থেকেই এমন অনুভূতি প্রকাশ করেছেন নরওয়ের এই গোলরক্ষক।

বিশ্বকাপের মঞ্চ থেকে ব্রাজিলকে বিদায় করা নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অর্জন। অথচ সেই জয়ের নায়ক হয়েও নেইমারকে 'কিংবদন্তি' হিসেবে স্বীকার করে নেওয়া এবং ক্ষমা চাওয়া — নিয়ল্যান্ডের এই মানসিকতা ক্রীড়াসুলভ আচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

নিয়ল্যান্ডের পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রাজিল ও নেইমারের ভক্তরা যেমন পোস্টটিকে ইতিবাচকভাবে নিয়েছেন, তেমনি ফুটবল মহলেও নিয়ল্যান্ডের বিনয়ী মনোভাবের প্রশংসা করছেন।