শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে ব্যারিকেড তৈরি করেন। তাদের ব্যানারে লেখা ছিল, বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া যাবে না।

চার দফা দাবির মধ্যে রয়েছে—স্বাভাবিক আবহাওয়া ও সুস্থ পরিবেশে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড বাতিল, যৌক্তিক কারণে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা, এবং পরীক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের জবাবদিহি নিশ্চিত করা। শিক্ষার্থীরা জানিয়ে দেন, সন্তোষজনক জবাব না পেলে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী দিদারুল ইসলাম অভিযোগ করেন, চট্টগ্রাম বোর্ডে বন্যা এবং দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা বুকসমান পানি পেরিয়ে এবং মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন, অথচ মন্ত্রী নিরাপদ পরিবেশে বসে থেকে তাদের এই দুর্ভোগ বুঝছেন না।

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, খারাপ আবহাওয়ার কারণে চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছেন তারা। শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও মন্ত্রী কেবল পরীক্ষাকেন্দ্রে কড়াকড়ি ও সিসিটিভি বসানোর মতো পরীক্ষাব্যবস্থায় পরিবর্তন এনেছেন বলে তার অভিযোগ।

আন্দোলন চলাকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান তারা। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।