ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ, ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি

বাংলাদেশ সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় সরকারি খাস জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। খাস জমির পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে।