দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠাসহ চার জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হবে।
প্রস্তাব অনুমোদিত হলে দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০-এ। একইসঙ্গে বগুড়া পৌরসভা দেশের ১৩তম সিটি করপোরেশনে উন্নীত হবে।
নতুন উপজেলাগুলো:
- কক্সবাজার জেলা: চকরিয়া উপজেলা থেকে মাতামুহুরী উপজেলা
- বগুড়া জেলা: শিবগঞ্জ উপজেলা থেকে মোকামতলা উপজেলা
- ঠাকুরগাঁও জেলা: ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে রুহিয়া ও ভুল্লী উপজেলা
- লক্ষ্মীপুর জেলা: লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে চন্দ্রগঞ্জ উপজেলা
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভৌগোলিক বাস্তবতা, জনসংখ্যা বৃদ্ধি ও প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া পৌরসভা আয়তন, জনসংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতার দিক থেকে সিটি করপোরেশন হওয়ার সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন ও ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন প্রস্তাব অনুমোদিত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও জোরদার হবে।
নিকার সভায় অনুমোদনের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোতে অবকাঠামো নির্মাণ, অফিস স্থাপন ও জনবল নিয়োগের কাজ শুরু হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবায় সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

