নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন দেশের স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা যুক্ত হয়ে এই ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে ছুটি কার্যকরের বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ক্যালেন্ডারের ওপর।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং পরদিন ৮ নভেম্বর রবিবার শ্যামাপূজার ছুটি রয়েছে। এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার থাকায় নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রবিবার মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকতে পারে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই ছুটি পুরোপুরি কার্যকর হবে স্ব-স্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার জন্য আলাদা ছুটির উল্লেখ নেই। ফলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি কার্যকর হওয়ার বিষয়টি এখনও সুনির্দিষ্ট নয়।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও শ্যামাপূজার কোনো ছুটির উল্লেখ রাখা হয়নি। এর ফলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ৮ নভেম্বরের ছুটি ভোগ করতে পারবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে।
