চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে। উত্তরপত্র মূল্যায়নের কাজ প্রত্যাশার চেয়ে এগিয়ে থাকায় নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশের এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা গেছে, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর সংশ্লিষ্টদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। বিশেষ করে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের অগ্রগতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শুরুতে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুত শেষ হওয়ায় ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি দেখা না দিলে এ সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।
১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেন
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষে গত ৮ আগস্ট পরীক্ষা সম্পন্ন হয়।
তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ায় গত ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের পরীক্ষা পুরোপুরি শেষ হয়।
অনলাইনে ও এসএমএসে যেভাবে ফল জানা যাবে
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা খুব সহজেই ঘরে বসে অনলাইনে ও মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
অনলাইন পদ্ধতি: শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে ফল জানা যাবে। ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে গিয়ে পরীক্ষার নাম, সাল, নিজ নিজ শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে সাবমিট করলে ফলাফলের পাশাপাশি বিস্তারিত মার্কশিটও সংগ্রহ করা সম্ভব হবে।
এসএমএস পদ্ধতি: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পাশের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ফলাফল পেতে HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এস এম এসে ফল জানিয়ে দেওয়া হবে।
