ফুলবাড়ীয়ায় কারাবন্দী স্বামীকে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: রবিবার, নভেম্বর ০১, ২০২৬

ফুলবাড়ীয়ায় কারাবন্দী স্বামীকে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচার চালাচ্ছিলেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হযরত আলীকে একমাত্র আসামি করে ফুলবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মারামারির মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে এনে দেওয়ার কথা বলে ওই নারীর বাড়িতে যাতায়াত শুরু করেন হযরত আলী।

গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে হযরত আলী ওই নারীর বাড়িতে যান এবং তাকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হযরত আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী নারী জানান, স্বামীকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী প্রায়ই বাড়িতে এসে নানা কুপ্রস্তাব দিতেন এবং তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। ঘটনার দিন তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে এবং প্রমাণ রাখার জন্য আগে থেকেই মুঠোফোনে গোপনে ভিডিও চালু করে রেখেছিলেন।

অভিযোগ করে ওই নারী বলেন, “স্বামীর জামিনের কথা বলে ঘরে ঢুকে হযরত আলী আমাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেয়। পরে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ হয়।” পরবর্তীতে সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আরও জানান, তার স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তাঁর স্বামীর জামিন হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন দাবি করে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে হেনস্তা ও ধর্ষণচেষ্টার প্রাথমিক সত্যতা দেখা গেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হযরত আলী পলাতক রয়েছেন; তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা যুবদল। ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। কোনো অপরাধীর স্থান দলে নেই। বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে হযরত আলীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

সংশ্লিষ্ট খবর

আরও