সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করবে বলে জানা গেছে। প্রস্তাবিত কাঠামো অনুসারে, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণ করা হতে পারে।
নতুন পে-স্কেলে বর্তমানের মতো ২০টি গ্রেড বহাল থাকবে। তবে বেতন বৃদ্ধির হার হবে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে সর্বনিম্ন বেতন যা ৮,২৫০ টাকা, তা বাড়িয়ে ২০,০০০ টাকা করা হবে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য ২০টি গ্রেডের বাইরে আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন পরবর্তীতে জারি করা হবে।
সরকারি সূত্র জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের দক্ষতা ও সেবার মান উন্নয়ন সম্ভব হবে।

