দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে অভিযানে সফলতার স্বীকৃতি হিসেবে ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) শামীম কবির ময়মনসিংহ জেলায় পুরস্কৃত হয়েছেন।
বুধবার (২০ মে) সকালে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্র জানায়, রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া মধ্যপাড়া এলাকায় জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে নাতির হাতে দাদা হোসেন আলীকে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার করেন এসআই শামীম কবির।
একই ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং গাঁজাসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেন তিনি। এছাড়া শিবগঞ্জ হাটকালিবাজার থেকে ২২০০ লিটার অবৈধ ডিজেলসহ একটি ট্যাঙ্ক লরি জব্দ করে তিনজনকে আটক করেন।
ফুলবাড়ীয়া থানায় যোগদানের পর থেকে এসআই শামীম কবির মাদক নির্মূল ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এর আগেও একাধিকবার পুরস্কার পেয়েছেন তিনি।
পুরস্কারপ্রাপ্তির বিষয়ে এসআই শামীম কবির বলেন, “থানার অফিসার ইনচার্জের সার্বক্ষণিক দিকনির্দেশনা ও পরামর্শের কারণেই এসব সাফল্য অর্জন সম্ভব হয়েছে।” তিনি ভবিষ্যতে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধিতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া চান।
থানা পুলিশ জানিয়েছে, এসআই শামীম কবিরের এই অর্জনে পুরো থানা এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে।

