ভারি বর্ষণের সতর্কতা জারি, নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: সোমবার, জুলাই ১৩, ২০২৬

ভারি বর্ষণের সতর্কতা জারি, নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস

টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ শুরু হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, 'সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারি বৃষ্টির প্রবণতা শুরু হবে, যা টানা ১ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে। তবে এ সময়ের মধ্যেও দেশের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।'

আবহাওয়াবিদ আরও জানান, গত ২৭ ঘণ্টায় ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের ঝুঁকি আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।