সাইবার স্পেস বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয়, সরবরাহ, প্রচার বা লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করেন। বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব এবং বিভিন্ন সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে এটি পাস হয়।
বর্তমান আইনে নির্দিষ্ট শ্রেণি ও পরিমাণের মাদকদ্রব্যের অবৈধ উৎপাদন, বিক্রি ও সেবনের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। নতুন সংশোধনীর মাধ্যমে সাইবার স্পেসে সংঘটিত মাদক-সংক্রান্ত অপরাধও একই আইনের আওতায় আনা হয়েছে।
সংশোধিত আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়ার পাশাপাশি 'ডগ স্কোয়াড' গঠনের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে মাদকপ্রবণ এলাকায় পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধানও পুনর্বহাল করা হয়েছে।
পাস হওয়া আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগব্যবস্থা বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্যের ক্রয়, বিক্রয়, সরবরাহ, প্রস্তাব, বিজ্ঞাপন বা মধ্যস্থতা করেন, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চ্যুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মাদক-সংক্রান্ত লেনদেনও একই অপরাধের আওতায় পড়বে। আইনে আরও বলা হয়েছে, এ ধরনের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না।
সংশোধিত আইনে এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে যেকোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
তবে অপরাধটি আন্তর্জাতিকভাবে পরিচালিত হলে বা কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি যেকোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিলের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'সংসদ সদস্যদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলেছেন। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

আপনার মতামত লিখুন :