‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ, তোলপাড় ফেসবুকে

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬

ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রতিবাদের নতুন রূপ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘Broiler Chicken Party’ বা ব্রয়লার চিকেন পার্টি।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে এই নামে একটি পেজ চালু করেন জেন-জি প্রজন্মের একদল শিক্ষার্থী। ‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ অর্থের একটি স্লোগানকে সামনে রেখে খোলা পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। বিকেল ৬টা পর্যন্ত পেজে প্রায় ১ হাজার ৭০০ অনুসারী যুক্ত হন।

টানা ভারী বৃষ্টিপাত ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’র সঙ্গে তুলনা করার দাবি ঘিরে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই মন্তব্যের প্রতিবাদ জানাতেই এই ব্যঙ্গাত্মক পেজের সূচনা হয়েছে বলে বিভিন্ন পোস্টে উল্লেখ করা হচ্ছে।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন সংশ্লিষ্ট ব্যঙ্গচিত্র, মিম ও ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট নিয়মিত প্রকাশ করা হচ্ছে, যা ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইন অ্যাক্টিভিস্টদের ভাষ্যমতে, ‘ব্রয়লার চিকেন পার্টি’ ভারতের একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ থেকে অনুপ্রাণিত, যা গত মে মাসে দেশটির প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছিল এবং পরে তরুণদের বেকারত্ব ও নিয়োগ-সংক্রান্ত ইস্যুতে বৃহত্তর অনলাইন আন্দোলনে রূপ নেয়।

বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’ কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে আত্মপ্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে।