ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ছেলের দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর অভিযুক্ত ছেলে ফারুক আহমেদকে ভারতীয় সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে আটক করেছে পুলিশ।
মৃত মজিবুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মজিবুর রহমান। এ সময় ছেলে ফারুক ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ভারতীয় সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত ফারুককে আটক করা হয়েছে। তিনি বলেন, 'তাকে পুরোপুরি মানসিক ভারসাম্যহীনও মনে হয়নি, আবার পুরোপুরি সুস্থও মনে হয়নি। পরিবারের সদস্যরা তাকে ঠিকমতো দেখভাল না করায় এ ঘটনা ঘটেছে বলে আমাদের জানিয়েছেন।' বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :