এবারের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি পাওয়া গেছে। এ ঘটনায় প্রশ্নপত্র প্রস্তুতের সঙ্গে যুক্ত চার শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছে সিলেট শিক্ষা বোর্ড।
সোমবার (১৩ জুলাই) সকালে পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি ধরা পড়ে। এতে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়।
মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে কৈফিয়ত তলবের নোটিশ প্রদান করা হয়।
কৈফিয়ত তলব করা চার শিক্ষক হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা সবাই পদার্থবিজ্ঞানের শিক্ষক।
নোটিশে বলা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি বা অসঙ্গতি যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এতে সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
- Tags:
- এইচএসসি পরীক্ষা
- শিক্ষা

আপনার মতামত লিখুন :