দেশে প্রাণিজ প্রোটিনের অন্যতম সহজলভ্য ও সাশ্রয়ী উৎস ব্রয়লার বা ফার্মের মুরগি। তবে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না — এ প্রশ্ন বহুদিন ধরেই আলোচনায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্রয়লার মুরগি নিজে ক্ষতিকর নয়; বরং নিরাপদভাবে উৎপাদন, সংরক্ষণ ও রান্না করা হলে এটি পুষ্টিকর খাবার হিসেবে নিশ্চিন্তে খাওয়া যায়।
চিকিৎসক ডা. সাহানাজ বলেন, ব্রয়লার মুরগিতে উচ্চমানের প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি-১২, ভিটামিন বি-৬, নিয়াসিন, ফসফরাস, সেলেনিয়াম ও জিংকের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তাই পুষ্টিগুণের দিক থেকে এটি একটি ভালো খাদ্য।
তাঁর মতে, ব্রয়লার মুরগির নিরাপত্তা মূলত নির্ভর করে খামারে কীভাবে এটি পালন করা হয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ম মানা হয়েছে কি না এবং জবাই ও সংরক্ষণের সময় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে কি না — এসব বিষয়ের ওপর।
ডা. সাহানাজ জানান, কিছু খামারে রোগ প্রতিরোধ বা চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তবে নিয়ম না মেনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ বা জবাইয়ের আগে নির্ধারিত সময়ের বিরতি না মানলে মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। এতে দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু তৈরির ঝুঁকি বাড়তে পারে।
ব্রয়লার মুরগিকে দ্রুত বড় করতে হরমোন ব্যবহার করা হয় — এমন প্রচলিত ধারণারও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান তিনি। আধুনিক ব্রয়লার মুরগির দ্রুত বৃদ্ধি মূলত উন্নত জাত, সুষম খাদ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনার ফল।
তিনি আরও বলেন, খামারে স্বাস্থ্যবিধি ঠিকভাবে অনুসরণ না করা হলে কিংবা জবাই ও সংরক্ষণের সময় অসতর্কতা থাকলে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া মাংসে থাকতে পারে। তাই ব্রয়লার মুরগি সবসময় ভালোভাবে সম্পূর্ণ রান্না করে খাওয়া উচিত।
ডা. সাহানাজের মতে, চামড়াবিহীন ব্রয়লার মুরগির মাংস পরিমিত পরিমাণে খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। দেশি ও ব্রয়লার — উভয় ধরনের মুরগিই ভালো প্রোটিনের উৎস। স্বাদ ও গঠনে কিছু পার্থক্য থাকলেও পুষ্টিগুণের দিক থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবধান নেই।
বিশেষজ্ঞরা ব্রয়লার মুরগি কেনা ও রান্নার ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছেন। তাঁরা বলছেন, বিশ্বস্ত দোকান বা অনুমোদিত খামার থেকে মুরগি কেনা উচিত। দুর্গন্ধযুক্ত বা অস্বাভাবিক রঙের মাংস এড়িয়ে চলতে হবে। কাঁচা ও রান্না করা মাংস আলাদা রাখতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ সিদ্ধ করে খেতে হবে।
- Tags:
- লাইফস্টাইল

আপনার মতামত লিখুন :