মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: শনিবার, জুলাই ১৮, ২০২৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় 'মাদক কারবারি' পারভেজের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় দুজনকে মাদকসহ পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার উপজেলার আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পারভেজ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী একত্রিত হয়ে তাঁর বাড়িতে যায়। এ সময় পারভেজ ও তাঁর মা পারভীনকে আটক করে মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আগেও আটক হয়েছিলেন, আবার শুরু করেন ব্যবসা

স্থানীয়দের অভিযোগ, এর আগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পারভেজ ও মামুন নামে দুই মাদক কারবারি আটক হয়েছিলেন। তবে পরে তাঁরা আবারও মাদক ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে বিষয়টি সহ্য করে আসা এলাকাবাসী এবার সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

ভালুকা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।