ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
শনিবার (১১ জুলাই) হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার ও পূর্ব গোবরাকুড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। নেশাগ্রস্ত অবস্থায় আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করানো হলে মাদকের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।
রোববার (১২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের দণ্ড প্রদান করেন।
রায়ে ছাত্রদল নেতা আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামি আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, 'মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।'
- Tags:
- ময়মনসিংহ
- হালুয়াঘাট

আপনার মতামত লিখুন :