ঢাকা বাইপাসে ‘আলম এশিয়া’ বাসের চালকের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬


আজ সকালে ঢাকা বাইপাস সড়কে "আলম এশিয়া" পরিবহনের একটি গাড়ির চালকের বিরুদ্ধে এক যাত্রীকে মারধরের চেষ্টা, মোবাইল ফোন কেড়ে নিয়ে তিনবার ছুড়ে ফেলা এবং জোরপূর্বক ভিডিও ডিলিট করানোর অভিযোগ উঠেছে বলে ভুক্তভোগী যাত্রী জানিয়েছেন।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, গাড়িটি নির্ধারিত ঢাকা বাইপাস রুট ছেড়ে মাসকান্দা/ব্রিজ রোডের দিকে যাওয়া শুরু করলে অফিস সময়ে এই ভিন্ন পথে যাওয়ার কারণ জানতে চান যাত্রীরা। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে চালক অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। যাত্রী মোবাইলে ঘটনা ধারণ করা শুরু করলে চালক আরও উত্তেজিত হয়ে যাত্রীর মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন, গেট বন্ধ করে দেন এবং লাঠি হাতে মারধরের হুমকি দেন। শেষে যাত্রীকে বাধ্য করে ভিডিও মুছে ফেলানোর পরই তাকে নামতে দেওয়া হয়।

ভুক্তভোগী পরে মোবাইলের "রিসেন্টলি ডিলিটেড" ফোল্ডার থেকে ভিডিওর একাংশ পুনরুদ্ধার করেছেন, যা তার কাছে প্রমাণ হিসেবে সংরক্ষিত আছে। তিনি জানিয়েছেন, এ ঘটনায় তিনি থানায় অভিযোগ ও সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন।

এ বিষয়ে "আলম এশিয়া" পরিবহন কর্তৃপক্ষ বা অভিযুক্ত চালকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদনটি সম্পূর্ণভাবে ভুক্তভোগীর বর্ণনা ও তার কাছে থাকা ভিডিও প্রমাণের ভিত্তিতে তৈরি।