পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের 'প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫'-এর ফলাফল রোববার (১২ জুলাই) প্রকাশিত হয়েছে। সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে — বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ময়মনসিংহ বিভাগের চার জেলায় মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ২ হাজার ১০৬ জন এবং সাধারণ কোটায় ৩ হাজার ৫৯৯ জন বৃত্তি পেয়েছেন।
জেলাওয়ারি হিসাবে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি — মোট ২ হাজার ৩৭০ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৯০ জন ও সাধারণ কোটায় ১ হাজার ৪৮০ জন। জামালপুরে মোট ১ হাজার ৩৯১ জন (ট্যালেন্টপুল ৫১৪, সাধারণ ৮৭৭), নেত্রকোনায় ১ হাজার ১১৩ জন (ট্যালেন্টপুল ৪২৩, সাধারণ ৬৯০) এবং শেরপুরে ৮৩১ জন (ট্যালেন্টপুল ২৭৯, সাধারণ ৫৫২) বৃত্তি পেয়েছে।
ময়মনসিংহ জেলায় উপজেলাওয়ারি হিসাবে সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে সদর উপজেলা — ট্যালেন্টপুলে ১৪৬ জন ও সাধারণ কোটায় ৩৪৫ জন। আর সবচেয়ে কম বৃত্তি পেয়েছে ধোবাউড়া উপজেলা — ট্যালেন্টপুলে ১৯ জন ও সাধারণ কোটায় ৩৭ জন।
বর্তমানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা পাচ্ছেন। তবে ২০২৬ সালের প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে ট্যালেন্টপুল বৃত্তির মাসিক ভাতা ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা ৪৫০ টাকায় উন্নীত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। অনলাইনে ফলাফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো 'আইপিইএমআইএস' পোর্টাল।

আপনার মতামত লিখুন :