এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাদ্রাসা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: সোমবার, জুলাই ১৩, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাদ্রাসা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্মতারিখ সংশোধনের আবেদন মাদ্রাসার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে অধিদপ্তরে দাখিল করা হয়েছে। আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে, আবেদনকারীদের দাখিল বা এসএসসি সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নামের বানানের মিল নেই।

এ ছাড়া দাখিলকৃত সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানানে ভুল রয়েছে এবং অনেকের দাখিল বা এসএসসি সনদ বাংলায় থাকায় জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

শিক্ষকদের যা করতে হবে

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের দাখিল বা এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান আগে সংশোধন করতে হবে। একই সঙ্গে বাংলায় থাকা দাখিল বা এসএসসি সনদ ইংরেজিতে রূপান্তর করে পুনরায় আবেদন করতে হবে। এই দুটি শর্ত পূরণ না করলে জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় আবেদন দাখিল করেন।