বাবা-মাকে মারধরের দায়ে মাদকাসক্ত ছেলের ৩ মাসের কারাদণ্ড

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: শনিবার, আগস্ট ০৮, ২০২৬

বাবা-মাকে মারধরের দায়ে মাদকাসক্ত ছেলের ৩ মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাদক সেবন করে মাতলামি ও পিতা-মাতাকে মারধরের অভিযোগে রাজু মিয়া (৩৩) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ধোবাউড়া উপজেলার গোয়াতলা বন্দর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি করতেন। পাশাপাশি পিতা-মাতার ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ তাঁর বাবা আব্দুছ ছালাম লিখিত অভিযোগ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযোগের সত্যতা পেয়ে রাজু মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ধোবাউড়া থানা পুলিশ সহযোগিতা করে।