ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় সামিউল ইসলাম নামের এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় ওই শিক্ষকের ৭২ বছর বয়সী বাবা আহত হন।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষক সামিউল ইসলাম ঢাকায় ছিলেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়িতে তার বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন অবস্থান করছিলেন। আনুমানিক রাত আড়াইটার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী তছনছ করে লুট করে নিয়ে যায়। এ সময় তার বয়োবৃদ্ধ বাবা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলায় আহত হওয়ার পর থেকে তার বাবা আতঙ্কিত ও অসুস্থ অবস্থায় ঠিকমতো কথা বলতে পারছেন না। এই ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

আরও