নেত্রকোনায় রোগীর মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর, উত্তেজনা

ফুলবাড়ীয়া নিউজ ডেস্ক

প্রকাশিত: সোমবার, জুলাই ১৩, ২০২৬

নেত্রকোনায় রোগীর মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর, উত্তেজনা
নেত্রকোনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর।

নেত্রকোনার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার অভিযোগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) রাতে নেত্রকোনা শহরের জয়নগর এলাকায় অবস্থিত হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সজীব মিয়া শহরের মালনী আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।

রোগীর স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় গ্যাসজনিত ব্যথা নিয়ে সজীবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক ডা. সুজন পাল যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেন। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ডা. মাজহারুল আমিন বলেন, 'সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ ছিল না। জেনারেটর দিয়ে কার্যক্রম চলছিল। হার্ট অ্যাটাক নিয়ে সজীব নামে একজন রোগী এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।' তিনি জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি ভিত্তিতে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। পরে উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেন বলে তিনি জানান।