ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মোস্তফাকে রোববার রাত পৌনে ১১টায় আটক করেছে পুলিশ। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রোববার দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমেদাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তফা ওই এলাকার আব্দুর রাশিদের ছেলে।
ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, ঘটনার দিন শিশুটিকে ঘরে একা পেয়ে বাড়ির পাশের বিলে নৌকায় ওঠানোর লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন মোস্তফা।
শিশুটির মা জানান, তিনি মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন। ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে আহত অবস্থায় বাড়ির দিকে আসতে দেখেন। জিজ্ঞাসা করলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং পাশের বাড়ির মোস্তফার কথা উল্লেখ করে।
পরে দেখা যায় শিশুটির শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও সন্ধ্যার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আকরামুল্লাহ জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নান্দাইল থানার এসআই সম্রাট মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত মোস্তফাকে রোববার রাত পৌনে ১১টার দিকে আটক করা হয়েছে।
- Tags:
- নান্দাইল
- ময়মনসিংহ
- ময়মনসিংহ নিউজ

আপনার মতামত লিখুন :